সারাদেশ

গাজীপুরে বিএনপির জনসভায় তারেক রহমান: শ্রমজীবী ও কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ঘোষণা

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি | ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:৩২:২৯ প্রিন্ট সংস্করণ

 গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন তারেক রহমান

শিল্পকারখানার শ্রমিকদের উদ্দেশে বক্তব্যে তারেক রহমান বলেন, গাজীপুর শুধু একটি শিল্পনগরী নয়, এটি দেশের গার্মেন্টস শিল্পের রাজধানী। তিনি বলেন, “আজ গার্মেন্টস শিল্পে লক্ষ লক্ষ মা-বোন ও ভাই কাজ করছেন। এই শিল্প বাংলাদেশে যিনি এনেছিলেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাইমারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল বাস্তবভাবে কাজ করে থাকে, তবে সেটি বিএনপি।”

তারেক রহমান জানান, ভবিষ্যতে গার্মেন্টস শিল্পের পাশাপাশি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। এসব শিল্পে নারীদের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নতুন পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে।

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “খেটে খাওয়া মা-বোনদের জন্য দলমত নির্বিশেষে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে যাবে। একইভাবে কৃষক ভাইদের সহায়তার জন্য চালু করা হবে কৃষক কার্ড।”

শৈশবের স্মৃতিচারণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “স্বাধীনতার আগে এই ভাওয়াল রাজবাড়ী মাঠেই আমি খেলেছি, দৌড়াদৌড়ি করেছি। আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে গাজীপুরে।” এ সময় তিনি গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম, গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান, গাজীপুর-২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম, গাজীপুর-৩ আসনের প্রার্থী রফিকুল ইসলাম, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ আসনের প্রার্থী মো. ফজলুল হক মিলনসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content