মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি | ২৯ জানুয়ারি ২০২৬ , ১২:৩৬:০০ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মোল্যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন।
দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা মো. জাকির হোসেন মোল্যা ১৯৯৩ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয়। জনসেবার ব্রত নিয়ে রাজনীতি করায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তার মনোনয়ন নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। মাগুরার দুটি আসনের মধ্যে তিনিই একমাত্র ব্যতিক্রমী প্রার্থী, যিনি ইউনিয়ন পরিষদের সদস্য পদ থেকে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
মো. জাকির হোসেন মোল্যা ১৯৮৫ সালে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে তিনি জাতীয় যুব সংহতি নাকোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ২০১৫ সালে জাতীয় যুব সংহতি শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শুরু করেন। বর্তমানে তিনি ওই পদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নাকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।
মনোনয়ন প্রসঙ্গে মো. জাকির হোসেন মোল্যা বলেন, “আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার উন্নয়ন ও জনসেবার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়েছে—এখন জনগণ যদি সুযোগ দেন, আমি তাদের সেবক হয়ে কাজ করতে চাই।”




















