সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন-এর মানবিক কর্মকাণ্ড বিবেচনায় তার জামিনের দাবি জানিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, জামিন মানে অপরাধ থেকে মুক্তি নয়; বরং জামিন বহাল রেখেই আইনি প্রক্রিয়া চলমান থাকা উচিত। পোস্টে তিনি সুমনের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে জানতে চান—সুমন কি সরাসরি কোনো হত্যাকাণ্ডে জড়িত, নাকি কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে আটক রাখা হয়েছে। তার মতে, অনেক দুর্ধর্ষ অপরাধী বা সরাসরি হত্যা মামলার অভিযুক্তরা জামিনে থাকলেও সুমনকে হয়তো তার জনপরিচিতির কারণেই দীর্ঘদিন কারাগারে থাকতে হচ্ছে।
মানবিক কাজ ও পলায়ন না করার যুক্তি তুলে ধরে তারেক রহমান লেখেন, অতীতে সুমনের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করলেও তিনি মনে করেন—সুমন যদি দাগী অপরাধী হতেন, তবে দেশ ছেড়ে পালাতেন এবং বিদেশ থেকে ভিডিও বানাতেন। কিন্তু তিনি তা না করে দেশে থেকেছেন। সুমনের বিভিন্ন সেবামূলক ও জনহিতকর কাজ স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, অন্তত সেসব মানবিক অবদানের প্রতি সম্মান দেখিয়েও তার জামিন বিবেচনা করা উচিত।
আইনি লড়াই প্রসঙ্গে তিনি আক্ষেপ করে লেখেন, নিজে যদি আইনজীবী হতেন, তবে সুমনের পক্ষে আদালতে লড়াই করতেন। সুনির্দিষ্ট অভিযোগ স্পষ্ট করার দাবি জানিয়ে তিনি বলেন, জামিন পাওয়া একজন নাগরিকের অধিকার এবং বিচারকার্য ব্যাহত না করেই সুমনের ক্ষেত্রে সেটি গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।





























