প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে কুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। আমার নির্বাচনী এলাকায় কোনো কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশকে উন্নয়নের সঠিক পথে পরিচালিত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’
হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশে আব্দুর রউফ বলেন, ‘আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, সাবেক যুবদলের সেক্রেটারি হাবিবুল ইসলাম মন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
কুলিয়া ইউনিয়নের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকেল ৩টার আগেই নির্বাচনী জনসভাস্থলে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এতে কুলিয়া বাজারের নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।
এসময় কুলিয়া বাজারে বিশাল জনতার স্রোতের মধ্য দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন মো. আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।




















