জাতীয়

ভোট দিলেন তারেক রহমান

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৩:৫৪ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

এর আগে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। তবে ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে।

এই আসনে মোট প্রার্থী ছিল ১১ জন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাড়িয়েছেন পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন তারেক রহমানের সহধর্মিনী ডা জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা শারমিন সিঁথি ও তার দুই মেয়ে।

তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

এদিকে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের আলোচিত ব্যক্তিত্বদের ভোট প্রদান ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরও খবর

Sponsered content