সিলেট ব্যুরো: ৬ মার্চ ২০২৬ , ৭:০০:৩৭ প্রিন্ট সংস্করণ
সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, আর সিটি কর্পোরেশন (সিসিক) এই সংকটে কার্যকর ভূমিকা নিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। নগরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’ (সিকস), ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’ এবং ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’ যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশন প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
পবিত্র রমজান মাস চলায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে ব্যস্ত থাকলেও মশার চরম উপদ্রবে নগরবাসী দিনে ও রাতে অতিষ্ঠ হয়ে পড়ছেন। সংগঠনগুলো সিসিকের মশা নিধন কার্যক্রমকে ‘আইওয়াশ’ ও ‘লোক দেখানো’ হিসেবে অভিহিত করেছে। ফগার মেশিনের মাধ্যমে যে ধোঁয়া দেওয়া হচ্ছে তা মশা নিয়ন্ত্রণে কার্যকর নয়। অভিযোগ করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ ওষুধের ফলে মশা না মরলেও ড্রেনের তেলাপোকা ও ইঁদুর মারছে, যা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
সিকস-এর উদ্যোক্তা সমাবেশে বক্তারা জানান, নগরবাসী মশা উপদ্রব থেকে বাঁচতে কয়েল, স্প্রে ও অন্যান্য বিষাক্ত সামগ্রী ব্যবহার করছেন, যা শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ক্ষতিকর। ডেঙ্গু, ম্যালেরিয়া ও ইয়ালো ফিভারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অথচ সিটি কর্পোরেশন শীত শেষ হওয়ার পরে দায়সারা কার্যক্রম চালাচ্ছে।
বক্তারা অনতিবিলম্বে মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
সিকস-এর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় এবং বিভাগীয় সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, চিত্ত রঞ্জন দাস, এডভোকেট মুহাম্মদ কামাল মিয়া প্রমুখ আরও বক্তব্য রাখেন।














