ফেনী জেলা প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১২:০১:৪৭ প্রিন্ট সংস্করণ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে এলজিইডির অর্থায়নে সড়ক সংস্কারে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
সোমবার উপজেলার শুভপুর ইউনিয়নের করৈয়া বাজার থেকে দারোগাহাট বাজার পর্যন্ত সংযোগ সড়কের পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিকভাবে তিনি এ নির্দেশনা দেন।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা করৈয়া বাজার থেকে দারোগাহাট বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সংযোগ সড়কটি ১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু হয়।
নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এস ই নোয়া-জেট ই ভেনচার। তবে নির্মাণ কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করায় স্থানীয় মানুষের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়।
সোমবার দুপুরের দিকে দারোগারহাট দক্ষিণ মন্দিয়া গ্রামে সড়কটি সংস্কার কাজ পরিদর্শনে আসেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এ সময় নিম্নমানের ইট-খোয়া দিয়ে নির্মাণ কাজ করায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন।
এ ব্যাপারে রফিকুল আলম মজনু বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে দেওয়া হবে না। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১নং মানের সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশনা দিয়ে বলেন, আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, যেভাবে আমরা সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, একইভাবে আজ থেকে নিম্নমানের কাজের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম।














