মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ৪ এপ্রিল ২০২৬ , ১২:২৯:৪১ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাগমারায় প্রথম স্ত্রীকে ‘মৃত’ দাবি করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে এক আনসার ভিডিপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দ্বিতীয় স্ত্রী।
অভিযুক্ত এমরান আলী বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা এবং বগুড়ার শাজাহানপুরে আনসার ভিডিপি অফিসে কর্মরত।
শুক্রবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আছমা বেগম অভিযোগ করেন, বগুড়া সদরে একটি এনজিওতে চাকরি করার সময় প্রায় চার বছর আগে এমরান আলীর সঙ্গে তার পরিচয় হয়। সে সময় এমরান নিজেকে অবিবাহিত দাবি করে এবং প্রথম স্ত্রী মারা গেছে বলে জানায়।
এই তথ্যের ভিত্তিতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে দুই বছর আগে রাজশাহীতে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে এবং পরে হাটগাঙ্গোপাড়া কাজী অফিসে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করা হয়। এরপর তারা বগুড়া সদরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
আছমা বেগমের অভিযোগ, সংসার চলাকালে এমরান আলী তার কাছ থেকে বেতন ও স্বর্ণ বিক্রির প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া তার নামে একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণও নেওয়া হয়।
তিনি আরও জানান, ঈদের কয়েকদিন আগে এমরান আলী তাকে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে যান। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বামীর খোঁজে গত বৃহস্পতিবার বাগমারার নিজ বাড়িতে গেলে আছমা বেগম জানতে পারেন, এমরানের প্রথম স্ত্রী জীবিত এবং তাদের দুটি সন্তানও রয়েছে। এ সময় স্বামীর অধিকার দাবি করে ঘরে প্রবেশ করতে গেলে তাকে মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত এমরান আলীর বক্তব্য পাওয়া যায়নি।




















