সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ৫ এপ্রিল ২০২৬ , ২:০০:২৫ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার মোহনগঞ্জে যুবরাজ চন্দ্র তালুকদার (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের আখড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
যুবরাজ সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মদনাকান্দি গ্রামের দেবল চন্দ্র তালুকদারের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌর শহরের কাচারি রোডের ব্যবসায়ী সুফল পালের মুদিদোকানে প্রায় দেড় বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে একটি ভ্যান নিয়ে আখড়া রোডের একটি গুদাম থেকে মালামাল আনতে যান যুবরাজ। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় সন্ধ্যার দিকে দোকানমালিক সেখানে গিয়ে গুদামের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মৃত্যুর আগে যুবরাজ তার বন্ধুদের কাছে মোবাইল ফোনে একাধিক বার্তা পাঠিয়েছিলেন, যেখানে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের ইঙ্গিত পাওয়া গেছে।
ওসি হাফিজুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা থানায় আসেন এবং এ বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















