সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে পুকুর খননের সময় কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ১৫ এপ্রিল ২০২৬ , ১১:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মহাদেবপুরে পুকুর খনন করতে গিয়ে সাড়ে ৭ কেজি ওজনেরও বেশি একটি প্রাচীন কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর (জাদনের মোড় সংলগ্ন)উত্তরপাড়া গ্রামে মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,এদিন সকালে ওই গ্রামের মো. শহিদুল ইসলামের একটি পুরনো পুকুর পুনঃখননের কাজ করছিলেন শ্রমিকরা। খননকালে মাটির গভীরে কালো রঙের একটি মূর্তির সন্ধান পান তারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা মূর্তিটি দেখতে ভিড় জমান। পরে সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৭ কেজি ৭০০ গ্রাম। এটি মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি রাধাকৃষ্ণের প্রতিকৃতি বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটি অত্যন্ত প্রাচীন এবং এর বড় ধরনের প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। পুলিশ এটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে রেখেছে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে। বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃত ইতিহাস ও মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও খবর

Sponsered content