প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১১:১৪:৫০ প্রিন্ট সংস্করণ
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ কিস্তিতে রণবীর কাপুরকে দেখা যাবে এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই ভক্তদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনে নিজেই ইতি টানলেন অভিনেতা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ‘ধুম ফোর’এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে অনুষ্ঠিত কমিক-কন অনুষ্ঠানে অংশ নেন রণবীর কাপুর। সেখানে আসন্ন দুটি সিনেমা ‘রামায়ণ’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলার সময় তাকে ‘ধুম ফোর’ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, বর্তমানে তার পুরো মনোযোগ রয়েছে পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাকে ঘিরে। ‘ধুম’ সিরিজের নতুন কিস্তিতে অভিনয়ের খবরকে তিনি নিছক গুঞ্জন বলেই উল্লেখ করেন।
অভিনেতার ভাষ্য, আপাতত ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। বরং চলমান প্রজেক্টগুলোর কাজ শেষ করতেই তিনি ব্যস্ত সময় পার করছেন।
এ সময় নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও আপডেট দেন রণবীর। তিনি জানান, ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত বহুল প্রতীক্ষিত ছবিটি আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
অন্যদিকে, চলতি বছরের নভেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী ও দক্ষিণী তারকা যশ। কমিক-কনের মঞ্চে রণবীরের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং অভিনেতা যশও।
এদিকে, ‘অ্যানিম্যাল’এর বাণিজ্যিক সাফল্যের পর এর সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকলেও, অনুষ্ঠানে এ বিষয়ে নতুন কোনো ঘোষণা বা তথ্য দেননি রণবীর কাপুর।















