আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ৪:৫২:০৩ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে একটি আয়রন ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত ‘ভুল ও বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি কিছু গণমাধ্যমে দাবি করা হয়, ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, নিজেদের অর্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, যাতে এলাকার মানুষের যাতায়াত সহজ হয়। তারা বলেন, নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হয়নি এবং রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ সত্য নয়।
স্থানীয়দের দাবি, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে ব্রিজটির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
এ সময় এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি।




















