মো. মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ২০ এপ্রিল ২০২৬ , ১২:৫৬:২৭ প্রিন্ট সংস্করণ
শিশুদের মধ্যে সঞ্চয় ও মিতব্যয়িতার অভ্যাস গড়ে তুলতে তেঁতুলিয়ায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ী ব্যাংক ও নতুন টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) জামরি গুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা শিশুস্বর্গের উপদেষ্টা আশরাফুল ইসলাম ও মোস্তাক আহমেদ, তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সিনিয়র সাংবাদিক এস কে দোয়েলসহ অন্যরা।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, শিশুদের শুধু সঞ্চয়ের গুরুত্ব বোঝানো নয়, বরং তাদের মধ্যে বাস্তব অভ্যাস তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। তাই প্রতিটি শিশুর হাতে একটি সঞ্চয়ী ব্যাংকের পাশাপাশি নতুন টাকা তুলে দেওয়া হয়েছে, যাতে তারা ছোট থেকেই সঞ্চয় শুরু করতে পারে।
প্রধান অতিথি মাহমুদুল ইসলাম মামুন বলেন, এই আয়োজন শুধু উপহার বিতরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুশৃঙ্খল ও মিতব্যয়ী হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে তা ভবিষ্যতে তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
উপদেষ্টা আশরাফুল ইসলাম বলেন, শিশুদের হাতে ব্যাংক তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে অর্থের সঠিক ব্যবহার ও সঞ্চয়ের মানসিকতা তৈরি করা সম্ভব। নতুন টাকা তাদের এই উদ্যোগে আরও উৎসাহিত করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন জাকারিয়া বলেন, এটি শুধু উপহার নয়, বরং একটি জীবনমুখী শিক্ষা। শিক্ষার্থীদের বাস্তব জীবনে সঞ্চয় ও মিতব্যয়িতা শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিশুস্বর্গ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।
উল্লেখ্য, শিশুস্বর্গ ফাউন্ডেশন শিশুদের মেধা ও নৈতিক বিকাশে নিয়মিতভাবে বিভিন্ন সৃজনশীল ও জীবনধর্মী কর্মসূচি পরিচালনা করে আসছে।




















