বিনোদন

নতুন ঘোষণা দিলেন তৌকীর আহমেদ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ১২:২১:০৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে গতকাল রোববার (১৯ এপ্রিল) সকাল থেকেই জমেছিল শিল্পী, সংস্কৃতিকর্মী, নাট্যজন ও দর্শকদের প্রাণবন্ত মিলনমেলা। উপলক্ষ দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, নাট্যনির্দেশক ও লেখক তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তি উদযাপন।

দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সিনেমা প্রদর্শন ও নাট্যমঞ্চায়ন। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে তৌকীর আহমেদের জনপ্রিয় সিনেমা ‘অজ্ঞাতনামা’কে নাট্যরূপে মঞ্চে আনার ঘোষণা। তার পাশাপাশি নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও ‍দিয়েছেন তৌকীর আহমেদে।

এই নন্দিত তারকা জানান, তার নির্মিত আলোচিত সিনেমা ‘অজ্ঞাতনামা’ এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হবে। সিনেমাটির গল্প, মানবিক আবেদন ও সামাজিক বাস্তবতাকে নাট্যরূপ দিয়ে মঞ্চে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি শুনে উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আবুল কালাম আজাদ, দীপা খন্দকার, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজন। তারা তৌকীর আহমেদের দীর্ঘ শিল্পযাত্রা, সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা ও স্মৃতিচারণ করেন।

গতকাল সকাল ১১টায় পিন্টু ঘোষের গানের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার। সেখানে তৌকীর আহমেদের শিল্পভাবনা ও কাজ নিয়ে আলোচনা হয়।

বিকেলে প্রদর্শিত হয় ‘অজ্ঞাতনামা’ সিনেমা। আর সন্ধ্যায় মঞ্চস্থ হয় তার নির্দেশিত ও অভিনীত নাটক ‘তীর্থযাত্রী’।

আরও খবর

Sponsered content