জাতীয়

বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ , ১২:১২:৪১ প্রিন্ট সংস্করণ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হয়ে এই ক্রয় প্রক্রিয়া চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

আজ বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কেনা হবে। আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১২ লাখ টন সিদ্ধ চাল।

এ ছাড়া সরকার ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ধান ৩ মে থেকে ও চাল ১৫ মে থেকে সংগ্রহ শুরু করবে সরকার। ধান ও চাল সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখান থেকে কেনা সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কৃষকরা যাতে সরাসরি গুদামে ধান দিয়ে ন্যায্য মূল্য পান, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি সম্পর্কে তথ্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি গুদামগুলোতে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এই সন্তোষজনক মজুদের পাশাপাশি নতুন করে বোরো ধান সংগ্রহ করা হলে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা থাকবে না।

আরও খবর

Sponsered content