শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবিতে জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ , ৩:৫৪:৩৬ প্রিন্ট সংস্করণ


বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে সভাটি আহ্বান করা হয়। এতে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন—বৃহস্পতিবার—সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন সভায় পরিবহন খাতে জ্বালানি ব্যবহারের তথ্য তুলে ধরে বলেন, অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে জ্বালানি ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব হবে।

আরও খবর

Sponsered content