সারাদেশ

রাণীশংকৈল ডিগ্রি কলেজে অধ্যাপক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ৪ মে ২০২৬ , ১১:২৭:১৫ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার মাঝে সৃষ্টি হয় স্মৃতিময় এক পরিবেশ।

কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জাকির হোসেন হেলাল বলেন, অধ্যাপক ইসমাইল হোসেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে কলেজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, একজন শিক্ষকের বিদায় মানে একটি অধ্যায়ের সমাপ্তি হলেও তাঁর আদর্শ, মূল্যবোধ ও শিক্ষাদর্শন শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকে।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত ইসমাইল হোসেন বলেন, এই প্রতিষ্ঠান তাঁর কাছে শুধুই কর্মস্থল নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারাটাই তাঁর সবচেয়ে বড় অর্জন।

অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও খবর

Sponsered content