চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২৪ জুন ২০২৬ , ৯:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রজব আলী পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদপাড়া এলাকার জিশান আলী, মেহেদী হাসান ও রজব আলী দীর্ঘদিনের বন্ধু ছিলেন। বুধবার দুপুরে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জিশান আলী ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার জানান, হাসপাতালে আনার আগেই রজব আলীর মৃত্যু হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















