প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ৫:৫০:২৫ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতার চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন উপজেলার রতনদিয়া ইউপির চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মেহেদী হাচিনা পারভীন ও মদাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটি গত রোববার উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগটি তদন্তে প্রমাণিত হয়েছে। বিষয়টি ইউপি ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(খ) ও ৩৪ (ঘ) ধারায় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। একই আইনের ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাঁদের সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এই দুজনের বিরুদ্ধে অভিযোগ, গত ১৬, ১৭ ও ১৮ মার্চ ভিজিএফের চাল বিতরণের সময় তারা সুবিধাভোগীদের পরিমাণে কম দিয়েছেন। পরে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন উভয় ইউপিতে গিয়ে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। একই সঙ্গে ওই দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে তদন্ত হয়।
কালুখালীর ইউএনও মেজবাহ উদ্দীন বলেন, ‘বরখাস্তের প্রজ্ঞাপন গত রোববার বিকেলে উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে দুই চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। গতকাল সোমবার থেকে তারা কোনো দাপ্তরিক দায়িত্ব পালন করছেন না। ইউপির স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’





















