সারাদেশ

বাগমারায় কলেজ শিক্ষকের বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৮ জুন ২০২৬ , ১২:৩৫:৪৩ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষকের বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁইসারা গ্রামের হিন্দুপাড়া এলাকায় মন্দিরসংলগ্ন একটি বসতভিটার জমি নিয়ে মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের পরিবারের সঙ্গে একই গ্রামের বাসিন্দা দ্বীনেশ চন্দ্র প্রামানিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত এসআই তনয় কুমারের নির্দেশে তার বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক ও ভাই কনক রঞ্জন প্রামানিক কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিধান চন্দ্র প্রামানিকের বাড়িতে গিয়ে পাকা ঘর ও টিনশেড স্থাপনা ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বিধান চন্দ্র প্রামানিকের বাবা নীরেন্দ্রনাথ প্রামানিক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই তনয় কুমার। মুঠোফোনে তিনি জানান, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।

অন্যদিকে দ্বীনেশ চন্দ্র প্রামানিক দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে নীরেন্দ্রনাথ প্রামানিক ওই জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করেন বলে তার অভিযোগ। বিষয়টি নিয়ে একাধিকবার জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে তিনি জানান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও খবর

Sponsered content