মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১০ জুন ২০২৬ , ৯:০৭:৪৯ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার রাতে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আউলিয়াবাদ এলাকার বাসিন্দা মোজাহিদুল ইসলাম গত ২২ মে ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত প্রায় ২টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকার লবণমুড়া ব্রিজে পৌঁছালে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে।
এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মোজাহিদুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ জুন) সকালে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি সেলিম হাজারী (২৮)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সেলিম হাজারী ঘিলাতলী গ্রামের মহব্বত মিয়ার ছেলে।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।








