সারাদেশ

দীর্ঘ ৮ বছর পর তেজগাঁও প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শামীম নির্বাচিত

  নিজস্ব প্রতিবেদক: ১৩ জুন ২০২৬ , ৮:২৫:১৯ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ আট বছর পর তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। দীর্ঘদিন পর নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরে সংগঠনের সদস্যরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।

তেজগাঁও প্রেসক্লাবের মোট ভোটার সংখ্যা ৫১ জন। এর মধ্যে ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তার সিনিয়র রিপোর্টার আলহাজ মো. হাবিবুর রহমান (ল্যাপটপ প্রতীক) এবং দৈনিক বাঙালির কণ্ঠের রিপোর্টার নার্গিস সুলতানা লাভলী। নির্বাচনে হাবিবুর রহমান ৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নার্গিস সুলতানা লাভলী পান ৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এস এম শামীম (ক্যামেরা প্রতীক) এবং মোহাম্মদ বাবুল ইসলাম (মাইক্রোফোন প্রতীক)। এস এম শামীম ৩৮টি ভোটের সবকটিই পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপর প্রার্থী কোনো ভোট পাননি।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাইনুদ্দিন রিপন বলেন, “দীর্ঘ আট বছর পর তেজগাঁও প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত। সদস্যরা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। আগামীকাল বাকি ১৯টি পদের নাম ঘোষণা করা হবে।”

প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট খান চমক ই এলাহী বলেন, “এত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন খুব কমই দেখেছি। তেজগাঁও প্রেসক্লাবের সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। আমি সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।”

সহকারী প্রিজাইডিং অফিসার বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী বলেন, “আমি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনে দায়িত্ব পালন করেছি, কিন্তু এত সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করি।”

সংগঠনের নারী সদস্য জাকিয়া হোসাইন বলেন, “বৃষ্টির মধ্যেও আমি ভোট দিতে এসেছি। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুব ভালো লাগছে। আমি আশা করি নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।”

বর্তমান কমিটির আহ্বায়ক ইলিয়াস মিয়া ও সদস্য সচিব আতিকুল ইসলাম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি আলহাজ মো. হাবিবুর রহমান বলেন, “আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি নির্বাচন কমিশন ও অ্যাডহক কমিটিকে ধন্যবাদ জানাই, যারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। ভোটারদের প্রতিও আমি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব, ইনশাআল্লাহ।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, “আমরা তেজগাঁও প্রেসক্লাবকে একটি আদর্শ ও মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব। সদস্যদের কল্যাণ ও সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

আরও খবর

Sponsered content