লালপুর (নাটোর) প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ৯:০৮:১৮ প্রিন্ট সংস্করণ
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) লালপুর উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নদী-নালা ও জলাশয় পুনঃখননের পাশাপাশি ব্যাপক হারে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ু বিশুদ্ধকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, সরকারের এ উদ্যোগকে সফল করতে এবং লালপুর উপজেলাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। পাশাপাশি রোপিত গাছের সঠিক পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।




















