মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ১২:১৮:৫৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ২৬টি ফুটবল দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ২৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার মোট ২৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চার উপজেলা বিএনপির আয়োজনে এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় একই মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। এ সময় চার উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, খেলোয়াড় এবং দর্শকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খেলাধুলা সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার প্রয়োজন রয়েছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা বাড়বে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশেও ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ।
উদ্বোধনকে ঘিরে বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে খেলোয়াড়, দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।





















