সাতক্ষীরা প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ৬:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বজ্রপাতে আব্দুল হামিদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ব্রজবক্স গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের হায়দার আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, সকালে কৃষিকাজের জন্য জমিতে যান আব্দুল হামিদ। দুপুরের দিকে কাজ শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আব্দুল হামিদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














