প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ৯:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ
ব্ল্যাকপুলে অনুষ্ঠিত ম্যাচে অভিষেকেই দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা ইনিংস ও ম্যাচ ফিগারে তিনি দলকে ১৪০ রানের বিশাল জয় এনে দেন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে। ম্যাচটি শেষ হয় তিন দিনের মধ্যেই।
জয়ের জন্য ৪২৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় ২৮৩ রানে। দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ ৬৯ রানে ৬ উইকেট এবং পুরো ম্যাচে ১০১ রানে ৯ উইকেট শিকার করেন।
ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন মার্কাস হ্যারিস, যিনি ৯১ রানে অপরাজিত থাকেন। পাশাপাশি কিটন জেনিংস করেন ৬১ রান। এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে স্বাগতিকদের আশা জাগিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা জয়ে রূপ নেয়নি।
জবাবে কেন্ট তাদের দ্বিতীয় ইনিংসে ৩৩২ রান করে ল্যাঙ্কাশায়ারের সামনে বড় লক্ষ্য দাঁড় করায়। সকালে ল্যাঙ্কাশায়ারের দুই উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন ও টম বেইলি।
দ্বিতীয় ইনিংসের শুরুতে ল্যাঙ্কাশায়ার কিছুটা ভালো অবস্থানে থাকলেও দ্রুতই তারা উইকেট হারাতে শুরু করে। এক পর্যায়ে হাসান মাহমুদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। একের পর এক উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের মোড় পুরোপুরি বদলে দেন।
মধ্যাহ্ন বিরতির সময় ল্যাঙ্কাশায়ারের সংগ্রহ ছিল দুই উইকেটে ৮৯ রান। পরে জেনিংস ও হ্যারিস মিলে দলকে কিছুটা এগিয়ে নিলেও ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা।
শেষ দিকে হাসানের বিধ্বংসী বোলিংয়ে ল্যাঙ্কাশায়ার দ্রুত গুটিয়ে যায় এবং কেন্ট নিশ্চিত করে বড় জয়। এই জয়ের মাধ্যমে কেন্ট ১৯ পয়েন্ট সংগ্রহ করে চার ম্যাচে তৃতীয় জয় পেল, আর ল্যাঙ্কাশায়ার চার ম্যাচে তৃতীয়বারের মতো হারের মুখ দেখল।




















