বাকৃবি প্রতিনিধি - ১৫ জুন ২০২৬ , ৮:১৪:০৪ প্রিন্ট সংস্করণ
ঢাকা – ময়মনসিংহ রেলপথের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলের সীমানার পেছনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন অজ্ঞাতনামা এক নারী।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে। পরে ময়মনসিংহ রেলওয়ে থানার কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
ময়মনসিংহ রেলওয়ে থানার এস আই পলাশ ব্যানার্জী বলেন, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী আমরা পাইনি। আমি স্থানীয় সবাইকে জিজ্ঞেস করেছি যে কেউ ওনাকে চিনে বা জানে কি না কিন্তু কেউই ওনাকে শনাক্ত করতে পারেননি।
তিনি আরও বলেন, বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনে অজ্ঞাতনামা মহিলাটি কাটা পড়ে। আমরা লাশটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানায় নিয়ে যাবো এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করবো। এটি আত্মহত্যা নাকি কোনো দুর্ঘটনা সে বিষয়ে প্রাথমিকভাবে এখনো আমরা তেমন কোনো স্পষ্ট তথ্য বা প্রত্যক্ষদর্শী সাক্ষী পাইনি। পরবর্তীতে আরও বিশদভাবে তদন্ত সাপেক্ষে আসল বিষয়টি জানাতে পারবো।
তিনি আরো যোগ করেন, এছাড়া পরিচয় শনাক্ত করার জন্য আমরা সিআইডিকে ইনফর্ম করবো যাতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত ব্যক্তিকে শনাক্ত করা যায়। পরিচয় শনাক্ত হওয়া মাত্রই আমরা নিহতের পরিবারকে জানাবো এবং ময়নাতদন্ত শেষ হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করবো।




















