প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ১০:০১:০২ প্রিন্ট সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
গতকাল শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এহতেশামুল হক এবং ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এহতেশামুল হক (শিমুল) ফেসবুকে বঙ্গবন্ধুর একটি ছবি শেয়ার দিয়ে লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক’।
অন্যদিকে সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার একটি পত্রিকায় ছাপানো বঙ্গবন্ধুর ছবির সামনে স্যালুট জানানোর নিজের ছবি শেয়ার করে লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা মহানায়ক’।
এর পরপরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।





















