আন্তর্জাতিক

অভিষেককে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

  প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১২:৩৮:৫১ প্রিন্ট সংস্করণ

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেপ্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে আরও কিছু নথিপত্র চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মূলত তার সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি জমা দিতে বলা হয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার ভারতীয় বার্তাসংস্থা আনন্দবাজার এ তথ্য জানায়। গতকাল সোমবার কলকাতার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে এ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। সকাল ১১টার কিছু আগে তিনি দফতরে প্রবেশ করেন এবং রাত ১০টার দিকে বের হন।

প্রতিবেদনে ইডি সূত্রের বরাতে দাবি করা হয়, জিজ্ঞাসাবাদের সময় কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি এবং তিনি পুরোপুরি সহযোগিতা করেননি বলে মনে করছেন তদন্তকারীরা। ফলে মামলার অগ্রগতির জন্য অতিরিক্ত নথিপত্র সংগ্রহের প্রয়োজন দেখা দিয়েছে।

তবে আপাতত তাকে ফের তলব করা হচ্ছে না বলে ইডি সূত্রে জানা গেছে। যদিও ভবিষ্যতে আবার ডেকে পাঠানো হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

তদন্ত সংস্থার মতে, আগেও কিছু নথি জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে এমন কিছু নথি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে, যা আগে জমা পড়েনি। সেই কারণেই এসব নথি চাওয়া হয়েছে। আইনজীবীর মাধ্যমে বা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে সেগুলো ইডির কাছে জমা দেওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে রোববার বিধানসভায় সই জাল কাণ্ডে সিআইডির ভবানী ভবন দফতরে প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

পরপর দুই দিনে কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাকে মোট ১১ ঘণ্টা ধরে প্রশ্ন করা হয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, ‘এই ঘটনায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালে। তখনও আমি এসেছিলাম। সব মিলিয়ে ১০-১২ বার আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি সহযোগিতা করেছি।’

বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নথি বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content