সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ১৬ জুন ২০২৬ , ৬:২৫:৩৫ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলার কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।
মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ভুপালী সরকার বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষকদের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন এবং বাঘারপৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা।
এ সময় কৃষক, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় মোট ৮টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে জলবায়ু সহনশীল ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষিযন্ত্র এবং উন্নত কৃষি প্রযুক্তির বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে।
বক্তারা বলেন, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির প্রসার কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর কৃষির মাধ্যমে ভবিষ্যতের কৃষি হবে আরও আধুনিক, লাভজনক ও পরিবেশবান্ধব।




















