নিজস্ব প্রতিবেদক: ১৭ জুন ২০২৬ , ১২:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ
পর্তুগালে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক ধাত্রী (মিডওয়াইফ) সম্মেলনে অংশ নিতে সফররত বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রবাসী সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের (আইসিএম) ৩৪তম ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পর্তুগাল সফরে রয়েছেন ড. জিয়াউদ্দিন হায়দার।
মতবিনিময় সভায় তিনি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাদের অবদানের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা এবং দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।
এছাড়া পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, উপদেষ্টা জাহিদ কায়সার, এনামুল হক খান, এবিএস ইয়ামিন, নুরুজ্জামান সেলিম, হুমায়ূন আহমেদ শ্রাবণসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।




















