অপরাধ

 নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার

  নওগাঁ প্রতিনিধিঃ ২১ জুন ২০২৬ , ১০:০১:০২ প্রিন্ট সংস্করণ

নওগাঁয় কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নামক বিশেষ কেমিক্যাল ব্যবহার করে নারীদের সর্বস্ব লুটে নেওয়া আন্তঃজেলা অজ্ঞানপার্টি চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ জুন) টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার (২১ জুন) দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন,ারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের আবু হাসান, বাবু ও সবুজ। নওগাঁ জেলা পুলিশ সুপারের কড়া নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশের একটি চৌকস দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় একদল প্রতারক চক্র বয়োবৃদ্ধ নারীদের টার্গেট করে আসছিল। তারা ‘শয়তানের নিঃশ্বাস’ নামের একটি বিশেষ রাসায়নিক ভিকটিমদের নাকের কাছে প্রয়োগ করতো। এর ফলে আক্রান্ত ব্যক্তিরা সাময়িকভাবে স্মৃতিভ্রম হয়ে পড়েন এবং অপরাধীদের কথামতো কাজ করতে বাধ্য হন। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ভিকটিমরা সম্মোহিত হয়ে নিজেরাই নিজেদের কানের দুল, স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা অপরাধীদের হাতে স্বেচ্ছায় তুলে দিয়েছেন। এমনকি কেউ কেউ সম্মোহনের ঘোরে বাসায় গিয়ে আলমারি খুলে সর্বস্ব এনে প্রতারকদের হাতে সঁপে দিয়েছেন।
এসব চাঞ্চল্যকর ঘটনায় নওগাঁ সদর থানায় মোট তিনটি মামলা দায়ের হয়। এরপরই নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। মামলার তদন্তে নেমে ডিবি পুলিশের একাধিক দল কয়েক দফায় নারায়ণগঞ্জে অভিযান চালায়। সর্বশেষ তথ্যপ্রযুক্তির নিখুঁত বিশ্লেষণ ও ডাটা ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে ডিবি জানতে পারে যে, এই চক্রটি ২০ জুন টাঙ্গাইলে নতুন কোনো অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি শক্তিশালী দল টাঙ্গাইলে ঝটিকা অভিযান চালিয়ে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। পরে নওগাঁর কয়েকজন ভিকটিম গ্রেফতারকৃতদের দেখে তাদের শনাক্ত করেন।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। তারা জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় এই চক্রের মূল ঘাঁটি। সেখানে তাদের অন্তত ৮ থেকে ১০টি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই রাসায়নিকের মাধ্যমে সম্মোহিত করে সর্বস্ব লুটে নেয়। ইতিমধ্যে তারা নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ১০টি বড় ধরনের অপরাধ সংঘটিত করেছে বলে স্বীকার করেছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অপরাধ সংঘটনের ক্ষেত্রে এই চক্রটি মূলত বয়োবৃদ্ধ নারীদের টার্গেট করতো। তাদের অপরাধের কৌশলটি অত্যন্ত চতুর। প্রথমে চক্রের একজন সদস্য অভিনয় করে ভিকটিমের কাছে গিয়ে সাহায্য চায়। এরপর দ্বিতীয় আরেকজন এসে ভিকটিমকে কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে। ঠিক সেই সুযোগে তৃতীয়জন এসে ভিকটিমের নাকে ‘শয়তানের নিঃশ্বাস’ বা কেমিক্যাল স্প্রে করে দেয়। মুহূর্তের মধ্যে ভিকটিম সম্মোহিত হয়ে পড়েন এবং অপরাধীদের কথামতো নিজের স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা তাদের হাতে তুলে দেন।
পুলিশ সুপার আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধরনের অভিনব অপরাধ দমনে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content