সারাদেশ

রংপুরে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

  রংপুর প্রতিনিধি: ২৩ জুন ২০২৬ , ৮:২৭:৫৪ প্রিন্ট সংস্করণ

 রংপুরে একটি আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রেমের সম্পর্ক ও মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিকেলে মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত শাহরিয়ার সাকিন রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর ধাপ চিকলিভাটা এলাকার বাসিন্দা।

তিনি বলেন, নিহত শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে শাহরিয়ার সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, নিহত শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করতেন। আত্মহত্যার আগে মোবাইল ফোনটি রিসেট করা হওয়ায় সেখান থেকে কোনো অ্যাপ বা তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

তবে গ্রেপ্তার শাহরিয়ার সাকিন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, নিহত শিক্ষার্থী একসময় তার কোচিং ব্যাচের ছাত্রী ছিলেন। পড়ানোর সময় তিনি বুঝতে পারেন যে মেয়েটি তাকে পছন্দ করে। এরপর তিনি ওই ব্যাচে পড়ানো বন্ধ করে দেন। পরে শিক্ষার্থীর মায়ের অনুরোধে অন্য একটি ব্যাচের সঙ্গে কিছুদিন পড়ালেও তিন মাস আগে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

শাহরিয়ার দাবি করেন, “ঘটনার বিষয়ে তথ্য দিতে আমি নিজেই মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে আমাকে আটক করা হয় এবং পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম বলেন, “আমার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল ধাপে। কিন্তু সে কেন নর্থ ভিউ হোটেলের রুফটপ রেস্টুরেন্টে গেল, সেটাই জানতে চাই। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে নগরীর নর্থ ভিউ হোটেলের রুফটপ রেস্টুরেন্টের রেলিং থেকে পড়ে মারা যান রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান। তার বাবা নজরুল ইসলাম একজন সাবেক সেনা সদস্য।

পুলিশ জানায়, হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত জাহান রুফটপ রেস্টুরেন্টে প্রবেশ করেন। সেখানে প্রায় এক ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করার পর বিকেল ৫টা ৪২ মিনিটে তিনি রেলিংয়ে ওঠেন এবং নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, ডিবি পুলিশের হাতে আটক শাহরিয়ার সাকিনকে থানায় হস্তান্তর করা হলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও খবর

Sponsered content