আইন-আদালত

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১১:৪০:১৮ প্রিন্ট সংস্করণ

ঋণ খেলাপি হওয়ার কারণে চট্টগ্রাম-৪ আসন থেকে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এই রায়ের ফলে তার নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে আদালত রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, যাদের সহায়তা করেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে, আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সূত্র জানায়, ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেছিলেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ওই সময় আসলাম চৌধুরীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত এবং প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। অবশেষে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তার নির্বাচনী ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

আরও খবর

Sponsered content