সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া প্রতিনিধি: ১১ জুলাই ২০২৬ , ৭:৫৫:৫৯ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়ায় বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। স্থানীয় যুব সমাজের উদ্যোগে শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কয়ার বটতলা মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের অঞ্চল থেকে মোট ১৫টি ঘোড়া অংশ নেয়। প্রতিটি পর্বেই প্রতিযোগীদের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মাঝে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করলেও ঘোড়দৌড় উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক সমাগম ঘটে। মাঠের চারপাশে অবস্থান নিয়ে হাজারো দর্শক গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন উপভোগ করেন।
প্রতিযোগিতাকে ঘিরে মাঠের বিভিন্ন স্থানে অস্থায়ী খাবার ও খেলনার দোকান বসে। এতে শিশু-কিশোরসহ আগত দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্থানীয় দর্শনার্থীরা জানান, এমন আয়োজন শুধু বিনোদনই নয়, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।















