সাতক্ষীরা প্রতিনিধি: ৫ জুলাই ২০২৬ , ১২:১৫:২৪ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ও বিভিন্ন পণ্য উদ্ধার করেছে র্যাব-৬। এ সময় মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা যায়, অভিযানে ১ হাজার ৮৮৩ বোতল ভারতীয় কোডিনযুক্ত সিরাপ (উইনসেরেক্স, এসকাফ ও ফেয়ারডিল) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।
এ ছাড়া ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স জীবনরক্ষাকারী ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়িও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক অপর আসামিকে গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ।















