সাঈদ ইবনে হানিফ ঃ ৫ জুলাই ২০২৬ , ১২:০৯:১৬ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলায় রাতের আঁধারে ঘাস পোড়ানো ওষুধ ছিটিয়ে এক কৃষকের ধানের বীজতলার চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক চরম হতাশায় পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার বাগডাঙ্গা গ্রামের গনি মোল্যার ছেলে কামরুল হোসেন। তিনি জানান, চলতি মৌসুমে তিন থেকে সাড়ে তিন বিঘা জমিতে আমন ধান চাষের জন্য বীজতলায় ধানের চারা প্রস্তুত করেছিলেন।
কামরুল হোসেনের অভিযোগ, শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে কে বা কারা পূর্বশত্রুতার জেরে তার বীজতলায় ঘাস পোড়ানো ওষুধ ছিটিয়ে দেয়। এতে বীজতলার প্রায় সব ধানের চারা নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, “এখন নতুন করে বীজতলা তৈরি করে ধান রোপণ করা সম্ভব নয়। নতুন চারা বড় হতে যে সময় লাগবে, ততদিনে রোপণের উপযুক্ত সময় শেষ হয়ে যাবে। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”
ঘটনার বিষয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা করিম খান ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লবও ঘটনাটিতে দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





















