যশোর প্রতিনিধি ৭ আগস্ট ২০২৬ , ১১:৪২:২৫ প্রিন্ট সংস্করণ
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঝিকরগাছা জোনাল অফিসের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) টি. এম. মেসবাহ উদ্দিন পদোন্নতি পেয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) পরিবেশ ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা এক অফিস আদেশে দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত তিনজন কর্মকর্তাকে জেনারেল ম্যানেজারের চলতি দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। ওই আদেশ অনুযায়ী বর্তমানে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ কর্মরত টি. এম. মেসবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
টি. এম. মেসবাহ উদ্দিন দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঝিকরগাছা জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে গ্রাহকসেবা সহজীকরণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং সেবার মানোন্নয়নে ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ দায়িত্ব পালন করেন।
পদোন্নতির প্রতিক্রিয়ায় টি. এম. মেসবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার ওপর যে আস্থা রেখেছেন, তা রক্ষায় তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার পদোন্নতিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।





















