সারাদেশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৫৪:১০ প্রিন্ট সংস্করণ

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নাঈম’ নামের একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) পদ্মা।

বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনী জানায়, সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত ও বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি বিপদে পড়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে বানৌজা পদ্মা।

রাতের অন্ধকার, উত্তাল সমুদ্র ও সি স্টেট-৪ পরিস্থিতির মধ্যেও কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর রাডারের মাধ্যমে ভাসমান ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বানৌজা পদ্মা ট্রলারটিতে থাকা ১২ জন জেলেকে নিরাপদে উদ্ধার করে।

উদ্ধারকালে জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এ ছাড়া মাছ ধরার সময় আহত এক জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেই বানৌজা পদ্মা ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে নিয়ে যায়। পরে ট্রলারসহ উদ্ধার করা ১২ জেলেকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের ভাষ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায় ‘এফবি নাঈম’। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ১২ জন জেলেসহ ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেও বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিতে নৌবাহিনী সর্বদা প্রস্তুত। সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের মানবিক ও উদ্ধার কার্যক্রমেও নৌবাহিনী দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আরও খবর

Sponsered content