প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:১১:৫১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ক্যাম্পাস সভাপতি আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত আব্দুল মুত্তালিব গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়নের জাফর আলীর ছেলে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রশিবিরের সাথী ছিলেন।
ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা সেক্রেটারি আব্দুর রহমান বলেন, ‘আব্দুল মুত্তালিব কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল বিকেলে তিনি মারা যান।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, ‘গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল মুত্তালিব। সেখানেই তার চিকিৎসা চলছিল। গতকাল ডাক্তার রাউন্ড দেওয়ার সময় রোগী জানায়, তার ভালো লাগছে না। সে রেফার্ড নিয়ে রাজশাহী যেতে চায়। পরে তাকে রেফার্ড করা হয়।’
আব্দুল মোত্তালিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান।





















