খেলাধুলা

ধর্ষণের দুই অভিযোগে অভিযুক্ত এসেক্স ক্রিকেটার রবিন দাস

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯:২৮:৫৯ প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির করা হবে। গত ২৩ জুলাই তার বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়।

২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২০২৬ সালের ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে।

‘২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তারের পর এই অভিযোগ আনা হয়। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই নারীকে এখনো বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন।’

শীর্ষসারির ব্যাটার রবিন দাস এখন পর্যন্ত এসেক্সের হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমে ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে এক দিনের ম্যাচে এসেক্সের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি। ২০২৬ মৌসুমে সেটিই ছিল তার একমাত্র সিনিয়র পর্যায়ের ম্যাচ।

এসেক্স জানিয়েছে, অভিযোগ আনার পর থেকেই রবিন দাসকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। মিডলসেক্সের বিপক্ষে ম্যাচের দুই দিন পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এসেক্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে, চুক্তিবদ্ধ দলের একজন খেলোয়াড় সম্প্রতি ক্লাবের কার্যক্রমের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে আদালতে হাজির হয়েছেন।

‘পুরো বিষয়টি নিয়ে ক্লাব সব সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রেখেছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে নেওয়া এবং চলমান সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টিও রয়েছে। ক্লাব যথাযথ সব আইনি প্রক্রিয়া ও নির্দেশনা অনুসরণ করে যাবে।

‘একটি ক্লাব হিসেবে আমাদের কঠোর নিরাপত্তা ও মানবসম্পদ ব্যবস্থাপনার নিয়ম রয়েছে। এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সব কর্মীকেই সব সময় সর্বোচ্চ পেশাদার আচরণের মান বজায় রাখতে হয়।

‘আইনি প্রক্রিয়া চলমান থাকায় এই মুহূর্তে ক্লাব আর কোনো মন্তব্য করতে পারছে না।’

২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হয় রবিন দাসের। কাউন্টি দলটির হয়ে তিনি এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এ ছাড়া ৫০ ওভারের ক্রিকেটে ২৯টি এবং টি-টোয়েন্টিতে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। তার টি-টোয়েন্টি ম্যাচগুলোর দুটিতে বাংলাদেশের প্রিমিয়ার লিগের দল ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলেছিলেন।

 

আরও খবর

Sponsered content