মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৫৭:৪০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ভোররাতে অভিযান চালিয়ে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার ভোররাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের একটি বসতঘরে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন—দেবনগর গ্রামের আওয়াল মিয়ার ছেলে আমিনুল ইসলাম সাগর (৩০) এবং বহরা ইউনিয়নের কুলাইচাছড় গ্রামের আব্দুস ছমদের ছেলে ফারুক মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতিয়ার মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমিনুল ইসলাম সাগরের বসতঘরে তল্লাশি চালিয়ে ১২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলাম সাগর ও ফারুক মিয়াকে আটক করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





















