সিলেট প্রতিনিধি: ৬ অক্টোবর ২০২৬ , ৯:০৯:৩৬ প্রিন্ট সংস্করণ
সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ১৮টি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলায় ৪৭৪টি এবং মহানগর এলাকায় ১৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে সিলেট জেলা পর্যায়ে সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টি—মোট ৪৭৪টি মণ্ডপে পূজা হবে। অন্যদিকে সিলেট মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক ১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে।
গত বছর সিলেট মহানগর এলাকায় সর্বজনীন ১৪২টি ও পারিবারিক উদ্যোগে ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সব মিলিয়ে মহানগরে মণ্ডপের সংখ্যা ছিল ১৬২টি।
এ ছাড়া সিলেট জেলার বিভিন্ন উপজেলায় গত বছর সর্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। অর্থাৎ জেলা ও মহানগর মিলিয়ে গত বছর মোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল।
এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬টিতে।
এদিকে গত শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। অতীতে যেভাবে সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে হবে।
জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ যৌথভাবে সভা সঞ্চালনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ও জেলা সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য দেন মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন জেলা শাখার সদস্য সঞ্জয় কুমার নাথ এবং শোক প্রস্তাব পাঠ করেন জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক প্রমোদ রঞ্জন দাস।
সভায় আরও বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা সহসভাপতি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সহসভাপতি বিশ্বজিৎ গুণ, জেলা সহসভাপতি কাজল কান্তি দাস, উপদেষ্টা অপূর্ব শর্মা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, সদস্য উষা দাসসহ বিভিন্ন উপজেলা ও থানা শাখার নেতারা।















