প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ২:০৮:১১ প্রিন্ট সংস্করণ
জীবনের কোনো না কোনো মোড়ে মানুষ হতাশা, দুশ্চিন্তা ও মানসিক কষ্টে ভোগে। প্রিয়জন হারানোর বেদনা, কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া, আর্থিক সংকট কিংবা ভবিষ্যতের ভয়—সব মিলিয়ে জীবন অনেক সময় দিশেহারা হয়ে পড়ে। কিন্তু পবিত্র কোরআন হচ্ছে মুমিনের জন্য শ্রেষ্ঠ নিরাময় ও পথপ্রদর্শক। কোরআনে এমন কিছু আয়াত আছে, যেগুলো ভেঙে পড়া হৃদয়কে শক্তি দেয় , নিরাশ মানুষকে আশার আলো দেখায় এবং বিপদগ্রস্ত বান্দাকে রবের প্রতি আরও দৃঢ় আস্থা ফিরিয়ে দেয়।
তাই যখনই হতাশায় ভুগবেন, নিম্নলিখিত কোরআনের এই আয়াতগুলো ধীরে ধীরে তেলাওয়াত করুন এবং শান্ত মনে প্রতিটি আয়াতের অর্থ নিয়ে গভীরভাবে ভাবুন। ইনশাআল্লাহ, ভেঙে পড়া হৃদয়ে আবার আশার আলো জ্বলে উঠবে এবং আল্লাহর প্রতি আস্থা আরও দৃঢ় হবে।
১. وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
অর্থ: তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী হবে। (সুরা আলে ইমরান: ১৩৯)
২. لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَاۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْۗ
অর্থ: আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার ওপরই বর্তাবে। (সুরা বাকারাহ: ২৮৬)
৩. فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
অর্থ: অতএব, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। (সুরা আশ-শারহ: ৫-৬)
৪. قُلْ يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُواْ مِن رَّحْمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
অর্থ: বলো, হে আমার বান্দাগণ, যারা নিজদের ওপর বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা জুমার: ৫৩)
৫. وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
অর্থ: যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। (সুরা আত-তালাক: ৩)
৬. أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
অর্থ: তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরে সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। (সুরা আর-রাদ: ২৮)
৭. وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ
অর্থ: হতে পারে, তোমরা কোনো কিছু অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। (সুরা আল-বাকারাহ: ২১৬)
৮. لَا تَحْزَنْ إِنَّ ٱللَّهَ مَعَنَا
অর্থ: তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। (সুরা আত-তাওবা: ৪০)
৯. حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। (সুরা আলে-ইমরান: ১৭৩)
১০. لَا تَخَفْ إِنَّكَ أَنتَ الْأَعْلَىٰ
অর্থ: ভয় করো না, নিশ্চয়ই তুমিই বিজয়ী হবে। (সুরা ত্বা-হা: ৬৮)
অতএব, হতাশা যখন ঘিরে ধরে, তখন হতাশ না হয়ে নিয়মিত কোরআন তিলওয়াত, অর্থ অনুধাবন এবং অন্তরে বিশ্বাস স্থাপন করা জরুরি। কোরআনের এই বাণীগুলো মনে করিয়ে দেয়—আমাদের প্রতিটি কষ্টের পেছনে একটি সুন্দর পরিকল্পনা আছে এবং কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা আমাদের সুন্দর ও সুখময় জীবন দান করুন আমিন!















