প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৬ , ৬:৪৬:১০ প্রিন্ট সংস্করণ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন আসামি দীপের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে এই মামলায় নিহতের বান্ধবী জেরিকা তাসনিম দিশার গত ১ নভেম্বর চার দিনের এবং গত ৩ নভেম্বর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তৃতীয় দফা রিমান্ড আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। সেগুলো হলো- কেন এবং কী কারণে মামলার ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে (যেমন পূর্বশত্রুতা, আর্থিক লেনদেন, নাকি রাজনৈতিক বা ব্যক্তিগত কোন্দল) তা নিশ্চিত হওয়া; মামলার হত্যার ব্যবহৃত আলামত উদ্ধার করা, মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের তথ্য সংগ্রহ করা, এই হত্যার পেছনে অন্য কোনো মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী) আছেন কি না, ভাড়াটে খুনি বা সাহায্যকারী জড়িত আছে কি না এবং তাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা; ঘটনার চাক্ষুষ সাক্ষী বা সিসিটিভি ফুটেজের তথ্যের সঙ্গে আসামির জবানবন্দি মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিলিয়ে দেখা; অপরাধের ধরণ ও প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। দীপের পক্ষে আইনজীবী মুতাসিম বিল্লাহ রিমান্ড নামঞ্জুর চেয়ে শুনানি করেন।
তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম গত ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় মামলা করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান মরদেহ গত ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।
তাহসিফ সাউরি গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপের ডাকে সাড়া দিয়ে বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হন। দীপ গত ২৯ অক্টোবর পুলিশকে বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান। রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যেই শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করে দীপ।















