প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ১:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি আদালত প্রাঙ্গণে ‘ব্যাডটাচ’র অভিযোগ তুলে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। সাংবাদিকের বিরুদ্ধে তোলা তার এই অভিযোগের প্রেক্ষিতে অবশ্য নেটিজেনদের বেশিরভাগই সেই সাংবাদিকের পক্ষেই অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পরীকে ওই সাংবাদিকের দ্বারা কোনো ‘ব্যাডটাচ’র শিকার হতে দেখেছেন এমন কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।
ঠিক এমন সময় পরীমণির পাশে এসে দাঁড়িয়েছেন আরেক অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে পরীমণির পক্ষে কথা বলতে গিয়ে প্রভা নিজেও পড়েছেন সমালোচনার মুখে। গেল বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন প্রভা। ভিডিওতে তাকে বেশ আবেগপ্রবণ ও ক্ষুব্ধ মনে হয়েছে। প্রভা বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই।’
এরপরই তিনি পরীমণির ঘটনার সূত্র ধরে ওই সাংবাদিককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’
পরীমণিকে সমর্থন জানাতে গিয়ে প্রভা নিজের জীবনেরও একটি তিক্ত অভিজ্ঞতার কথা টেনে আনেন। তিনি দাবি করেন, অতীতে তিনিও এমন পরিস্থিতির শিকার হয়েছেন।
ঘটনা বর্ণনা করে প্রভা বলেন, ‘আমি একটা প্রসাধনীর ফেয়ার ইভেন্টে গিয়েছিলাম। তখন কয়েকজন সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন।’ তিনি আরও বলেন, ‘বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম! আমি তাকে হেসে হেসেই বলছিলাম, আপনি বুঝতে পারছিলেন না, আমি আনকমফোর্টেবল ফিল করছি?’
প্রভার অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তার শরীরের প্রায় কাছাকাছি (বুকের দিকে ইঙ্গিত করে) চলে এসেছিলেন। তিনি যতই পেছনের দিকে সরছিলেন, ওই সাংবাদিকের হাত ততই তার কাছাকাছি আসছিল। অভিনেত্রীর মতে, ওই মুহূর্তে একটু এদিক-সেদিক নড়াচড়া হলেই একটি ‘ব্যাডটাচ’ বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ ঘটে যেতে পারত।
পরীমণি কাণ্ডে ওই সাংবাদিককে বয়কট বা তার পাশে না দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত দাবি করেন প্রভা। কিন্তু তার এই সহানুভূতিশীল ভিডিওবার্তাটি সাধারণ নেটিজেনদের অতটা মন জয় করতে পারেনি। বরং প্রভার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমের মন্তব্যঘরে শুরু হয়েছে তীর্যক সমালোচনা। অনেকেই প্রভার এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে নানা প্রশ্ন তুলেছেন।















