প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ৮:১১:২৬ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানো ও তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসানকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কলেজ শাখা ছাত্রদল।
আজ সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে যান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জ্যেষ্ঠ সহসভাপতি ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদু হাসান রঞ্জন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মিছিল করেন। পরে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ছাত্রদল নেতাদের অভিযোগ, অধ্যক্ষের সঙ্গে গোপন আঁতাতের কারণেই ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এমন কর্মকাণ্ড করার সাহস পেয়েছেন।
তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসান বলেন, পরীক্ষা চলাকালে কলেজের ফটক বন্ধ থাকার সুযোগে কে বা কারা ফটকে ব্যানার টানিয়ে তালা দিয়ে চলে গেছে। বিষয়টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, আজ দুপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে তালা দেন এবং একটি ব্যানার টানান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।





















