রাজধানীর অভিজাত এলাকা বনানী থানাধীন জনবহুল কড়াইল বস্তি এবং এরশাদ নগর এলাকা এখন প্রকাশ্য মাদক ব্যবসার নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও কঠোর আইনের প্রয়োগ না থাকায় এসব এলাকায় দিনদুপুরে দেদারছে চলছে গাঁজা, ইয়াবা ও হেরোইনের মতো মরনাস্ত্রের বিকিকিনি। চিহ্নিত মাদক কারবারিরা বহাল তবিয়তে তাদের অবৈধ সাম্রাজ্য বিস্তার করলেও কার্যকর কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ, আতঙ্ক ও তীব্র অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসীর সুনির্দিষ্ট ও চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, দীর্ঘ দিন ধরে একটি শক্তিশালী ও দুর্ধর্ষ মাদক সিন্ডিকেট কড়াইল বস্তি ও এরশাদ নগরের বিভিন্ন পয়েন্টে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত কুখ্যাত মাদক কারবারি ইব্রাহীম, জরিনা, তার শাশুড়ি এবং তাদের সহযোগীরা দিনদুপুরে প্রকাশ্যে মাদক বিক্রি করছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী চিহ্নিত মাদক বিক্রির প্রধান পয়েন্টগুলো হলো—
- মমিজান মিয়ার দোকান এলাকা
- টিঅ্যান্ডটি মাঠের কোণা
- ইব্রাহিম-রাজুর দোকান
- শামীমের দোকানের আশপাশ।
নেপথ্যে যারা নিয়ন্ত্রণ করছে এই মাদক নেটওয়ার্ক:
অনুসন্ধানে ও এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, কড়াইলের বিভিন্ন পয়েন্টে মাদক সরবরাহের মূল নেতৃত্ব দিচ্ছে এই অবৈধ সিন্ডিকেট। কিশোর গ্যাংয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে জরিনার স্বামী—যিনি এলাকায় ‘সাগর পাগলা’ নামে পরিচিত। তিনি এই চক্রের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে পুরো নেটওয়ার্ক পাহারা দেন এবং তরুণ প্রজন্মকে অপরাধে জড়িয়ে পড়তে উদ্বুদ্ধ করেন।
এছাড়া, এই সিন্ডিকেটের অন্যতম মহাজন হিসেবে কাজ করছেন মহাখালী মধ্যপাড়া এলাকার শরীফ। ওয়ারলেস গেইট এলাকার ড্রাইভার কাশেম এই চক্রের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী। সে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে ভ্রাম্যমাণ পদ্ধতিতে বনানীর বিভিন্ন অভিজাত ও অলিগলিতে গাঁজা ও ইয়াবার হোম ডেলিভারি দিয়ে আসছে। তাঁদের বিরুদ্ধে বনানী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শত অভিযোগ এবং মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক দেখানো তৎপরতার পরও এই ফেরারি ও দাগী মাদক কারবারিরা বহাল তবিয়তে তাদের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
“প্রভাবশালী ও কথিত রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ার কারণেই এই চক্রটি বারবার আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ও উঠতি বয়সের যুবসমাজ যখন মাদকের ভয়াবহ গ্রাসে ধ্বংসের মুখে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নিস্পৃহ ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” এসব কথা বলেছেন স্থানীয় এক জ্যেষ্ঠ নাগরিক ও সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস সানাম।
অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ও সুবিধাবাদী নেতার অনৈতিক আশ্রয়ের কারণেই এই মাদক চক্রটি সাধারণ মানুষের মনে ত্রাস সৃষ্টি করে অবাধে অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। উঠতি বয়সী যুবসমাজ ও কচি প্রাণগুলো যখন মাদকের করাল গ্রাসে ধ্বংসের পথে, তখন প্রশাসনের উদাসীনতা জনমনে গভীর সংশয়ের জন্ম দিয়েছে।
ইব্রাহীম, জরিনা, তার শাশুড়ি, সাগর পাগলা, শরীফ, ড্রাইভার কাশেমসহ তাদের নেপথ্যের মদদদাতা ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে বনানী থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে যৌথ ও সাঁড়াশি অভিযান চালিয়ে কড়াইল বস্তি ও এরশাদ নগরকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছে সচেতন মহল।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, “বনানীতে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। শীঘ্রই অভিযান পরিচালনা করে এসব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।”
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর এর উপ পরিচালক রাজিউর রহমান জানান, “কড়াইল বস্তিতে আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি অনেক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অনেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাঁদেরকেও আটক করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”