সারাদেশ

মহিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ৬ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর মামলা

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী): ১৬ নভেম্বর ২০২৬ , ১২:২৮:০৬ প্রিন্ট সংস্করণ

 

পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী আদালতে মামলা করেছেন। মামলায় নাসিম হাওলাদার (২১) নামে এক যুবক, তাঁর বাবা শামীম হাওলাদার এবং চাচা বরগুনা জেলা তথ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বেল্লালকে আসামি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার দ্বিতীয় আসামি মনিরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী লিমা বেগম (১৯) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা। গত ৫ মে ২০২৬ তারিখে কুয়াকাটার পার্শ্ববর্তী পূর্ব আজিমপুর এলাকায় তাঁর বাবার বসতঘরে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, নাসিম হাওলাদার বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে লিমার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বিয়ের জন্য বারবার অনুরোধ করলেও অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে এজাহারে দাবি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। তবে তা ব্যর্থ হয়। গত ৩০ অক্টোবর মহিপুর থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে আদালতের মাধ্যমে এজাহার দায়েরের পরামর্শ দেন। পরে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলা করেন তিনি।

এজাহারে আরও অভিযোগ করা হয়, নাসিমের বাবা শামীম হাওলাদার ও চাচা মনিরুল ইসলাম বেল্লাল ঘটনা সম্পর্কে জানার পরও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অভিযুক্ত নাসিমকে দ্রুত বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ইতিমধ্যে পাসপোর্ট তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বাদী।

লিমা বেগমের বাবা আবদুল কাদের বলেন, পারিবারিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকে নাসিমের পরিবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা বিয়ে করতে অস্বীকার করছে। পাশাপাশি নাসিমকে গোপনে বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। তিনি আরও অভিযোগ করেন, নাসিমের চাচা জেলা তথ্য কর্মকর্তা মনিরুল ইসলাম বেল্লাল নিজের প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম বেল্লাল বলেন, দুই পরিবার মিলে বিষয়টি সমাধান করেছিল। কিন্তু মেয়ের পরিবার তাঁর নামে জমিসহ বিভিন্ন সুবিধা দাবি করায় বিষয়টি অমীমাংসিত রয়েছে। চাকরির কারণে তিনি বরগুনায় থাকেন এবং এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপ সৃষ্টির জন্য মামলার আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content