সাতক্ষীরা প্রতিনিধি: ১৬ নভেম্বর ২০২৬ , ৮:৩৪:০৩ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার তালায় কলেজছাত্রী নীলা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাবা মো. লিটন শেখ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন এবং পরিবারের নিরাপত্তা ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
লিখিত বক্তব্যে লিটন শেখ জানান, গত ২ অক্টোবর প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও মারধরের ঘটনার তিন দিন পর ৫ অক্টোবর তাঁর মেয়ে নীলা আক্তারকে বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনি মামলা দায়ের করেন।
লিটনের অভিযোগ, মেয়েকে জীবিত অবস্থায় বিভিন্ন সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়া হতো। বর্তমানে মামলার আসামিরা জামিনে এসে দা হাতে নিয়ে তাঁদের ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছেন। তিনি মেয়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, ময়নাতদন্ত প্রতিবেদন পুনরায় পর্যালোচনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে তালা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা হবে। পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগটিও খতিয়ে দেখা হবে।





















